জেরুজালেমের মর্যাদা, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সর্বশেষ পরিস্থিতি এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের প্রচেষ্টা নিয়ে বৈঠকে বসছে ১৫টি মুসলিম দেশের প্রতিনিধিরা। বুধবার জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিতব্য এই মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবর আনাদোলু এজেন্সির।
জর্ডানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির উদ্যোগে আয়োজিত এ বৈঠকে তুরস্ক, জর্ডান, ফিলিস্তিন, মিশর, পাকিস্তান, সৌদি আরব, কাতার, ইন্দোনেশিয়া, বাহরাইন, ইরাক, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, সোমালিয়া ও মালয়েশিয়ার জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া আরব লীগের মহাসচিবও বৈঠকে উপস্থিত থাকবেন।
বৈঠকে জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনগত মর্যাদা সংরক্ষণ, অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক আইনের পরিপন্থি হিসেবে বিবেচিত ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ, গাজায় যুদ্ধবিরতির অগ্রগতি, ফিলিস্তিন ইস্যুর সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে আলোচনা হবে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বৈঠকে হাকান ফিদান মুসলিম বিশ্বের কাছে জেরুজালেমের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরবেন। পাশাপাশি শহরটির ঐতিহাসিক ও আইনগত মর্যাদা রক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব বলে গুরুত্বারোপ করবেন।







