দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রায় ছয় মাস আগে জাতীয় নির্বাচনের সময় বহিষ্কৃত হওয়া নড়াইলের ছয় শীর্ষ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্র। একই সঙ্গে তাঁদের দলের প্রাথমিক সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেরিত আলাদা আলাদা ছয়টি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তাঁরা হলেন—নড়াইল সদর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. তিলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু এবং নড়াইল সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম পলাশ।
পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাঁদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের স্বপদে পুনর্বহাল করা হলো।







