সংস্কার প্রস্তাবের রূপরেখা অনুযায়ী এবারের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। তাঁর দাবি, বর্তমান প্রশাসন দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। রাষ্ট্রের সর্বস্তরে দলীয়করণের ধারাবাহিকতায় এবার রাষ্ট্রপতি নির্বাচনেও প্রধানমন্ত্রী নিজ দলের প্রার্থী দিয়ে একতরফাভাবে নির্বাচন করছেন।
তিনি বলেন, যেখানে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই এবং নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত থাকে, সেখানে সংশ্লিষ্টদের গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
ক্ষমতার ভারসাম্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান নির্বাচন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে কার্যকর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করতেই এনসিপি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে।
তিনি আরও বলেন, সরকার কোনো সংস্কার বাস্তবায়ন না করলেও বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। এর মাধ্যমে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা, নির্বাচন নিয়ে আলোচনা তৈরি করা এবং জনগণকে প্রক্রিয়াটি সম্পর্কে আরও সচেতন করার সুযোগ তৈরি হয়েছে।







