ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতীম সংগঠনের গ্রেপ্তার ১৫ নেতাকর্মীকে রিমান্ডে নিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান তাদের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, লিমন খান, দেওয়ান ইসমাইল, ফাহিম মিয়া, রতন, রাকিব ওরফে রাফি, রাতুল শীল, মিনারুল মিয়া, মাসুদ রানা ওরফে লিমু, জিহাদ হাসান, আবু সাইম ওরফে সায়েম বাবু, ফাহিম, শাকিল মিয়া, রাজিব, সানি ও রাজন মিয়া।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট রাতে ভাটারা থানার আওতাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে এই ১৫ জনসহ মোট ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন কিশোর রয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।







