সারসংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা ও পরামর্শ দিতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ করবে। একই সঙ্গে এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি গঠনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন এই কমিটি সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করবে।







