বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে সিএনজি অটোরিকশাযোগে ইয়াবার একটি চালান নুন্দহ গ্রামের দিকে যাচ্ছে। খবর পেয়ে র্যাব সদস্যরা নুন্দহ গ্রামের এক সড়কের ওপর সতর্ক অবস্থান নিয়ে চেকপোস্ট বসান। রাত আনুমানিক ৯টার দিকে একটি নম্বরবিহীন অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে রবিউল ইসলামের প্যান্টের পকেট থেকে ওই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক জানান, ব্যক্তি বিশেষের কোনো অপকর্মের দায় সংগঠন নেবে না। এ ঘটনায় রবিউল ইসলামকে দল থেকে বহিষ্কার করার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বগুড়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।







