চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ, র্যাব ও বিজিবি। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূল এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে এই সমন্বিত তল্লাশি চালানো হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসারের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দলগুলো সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালিয়ে পুরো এলাকা ঘিরে কঠোর অবস্থান নেয়। জঙ্গল সলিমপুরকে সম্পূর্ণ অপরাধমুক্ত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই যৌথ অভিযানের প্রধান লক্ষ্য।
অভিযান চলাকালে স্থানীয় অধিবাসীদের প্রতি সন্ত্রাস ও অপরাধীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়। একই সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পেলে তা দ্রুত যৌথ বাহিনীকে জানিয়ে সহায়তা করার আহ্বান জানান কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের রুট উপড়ে ফেলতে সমন্বিত এই অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।







