ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ছাত্রদল সভাপতি বলেন, বিদেশের মাটিতে একজন নারী ও জুলাই বিপ্লবের সহযোদ্ধাকে একা পেয়ে সন্ত্রাসী হামলা চালানো একটি চরম কাপুরুষোচিত কাজ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে রাকিব লেখেন, এ ধরনের হামলা প্রমাণ করে ফ্যাসিবাদের দোসরদের মনে এত রক্তপাতের পরও কোনো ন্যূনতম অনুশোচনা জাগ্রত হয়নি। তাই এই সন্ত্রাসীদের প্রতি ছাত্রদল বা সাধারণ জনগণেরও কোনো ধরণের সহানুভূতি প্রদর্শনের সুযোগ নেই।
একই সঙ্গে বাঁধনের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে, জুলাই গণহত্যার বিচার যেকোনো মূল্যে নিশ্চিত করা হবে এবং সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।






