১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিতে ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কবি জসীমউদ্দীন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিম। তিনি মনে করেন, হঠাৎ ভাইভার নম্বর বাড়ানোর কারণে দেশের পুরনো দুর্নীতি ও স্বজনপ্রীতির অপসংস্কৃতি ফিরে আসার আশঙ্কায় জনমনে অনাস্থা ও প্রশ্নের সৃষ্টি হওয়া স্বাভাবিক।
বুধবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিশেষ স্ট্যাটাসে এসব কথা লেখেন ছাত্রদল নেতা তানভীর বারী হামিম। স্ট্যাটাসে তিনি স্পষ্ট করেন যে, তিনি ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্রে যেকোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অবৈধ লেনদেনের ঘোর বিরোধী এবং সবসময় মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি পাওয়ার পক্ষে।
হামিম উল্লেখ করেন, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের এক নেতিবাচক ধারণা তৈরি হয়ে আছে যে টাকা ছাড়া সরকারি চাকরি হয় না। যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি মানুষের মানসিকতায় জাঁকিয়ে বসেছে। তবে মেধার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরি নিশ্চিত করতে বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে এবং বিগত ছয় মাসে নিয়োগে দুর্নীতির কোনো তথ্য সামনে আসেনি।
তবে সম্প্রতি ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ চাকরিপ্রার্থীদের মনে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে উল্লেখ করে তিনি বিষয়টি পুনর্মূল্যায়ন বা এর প্রকৃত যৌক্তিকতা ও বাস্তবতা জাতির সামনে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে তিনি মেধা ও যোগ্যতার ওপর আস্থা রাখার পরামর্শ দেন।







