বাবা কারাগারে, আর মা তিন সন্তানকে রেখে চলে গেছেন। এমন পরিস্থিতিতে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় অসহায় অবস্থায় দিন কাটছিল তিন শিশুর। মঙ্গলবার তাদের রাস্তায় কান্নারত অবস্থায় দেখতে পান স্থানীয় এক গ্রাম পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় শিশু তিনটিকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন শিশুর মধ্যে বড় আলিবা (৮), দ্বিতীয় ইভা (৫) এবং সবচেয়ে ছোট মুনিয়ার বয়স মাত্র তিন মাস। শিশুদের বাবা বর্তমানে কাশিমপুর কারাগারে আটক রয়েছেন বলে তারা জানিয়েছে।
এলাকাবাসী জানান, কয়েক দিন আগে শিশুদের মা মুক্তিরবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া ওঠেন। বাড়িটির মালিক তোরাব আলী। তবে তিন দিন আগে তিনি শিশুদের রেখে চলে যান। এরপর থেকে তিন সন্তান একাই ছিল। তাদের মায়ের বর্তমান অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কালিন্দী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সাদ্দাম হোসেন জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মুক্তিরবাগ এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় তিনি এক শিশুকে কোলে নিয়ে আরও দুই শিশুকে রাস্তায় কান্নারত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় তিন শিশুকে নিরাপদে উদ্ধার করেন। এরপর তাদের কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
শিশু তিনটিকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়। বিশেষ করে মাত্র তিন মাস বয়সী শিশুটিকে নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। কেউ কেউ তাকে নিজেদের কাছে রাখার আগ্রহও জানান।
স্থানীয়রা জানান, শিশুরা কয়েক দিন ধরে ঠিকমতো খাবার পাচ্ছিল না। তাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র তিন মাস হওয়ায় খাবার, চিকিৎসা, নিরাপত্তা ও আশ্রয় নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। মায়ের অনুপস্থিতি এবং বাবার কারাগারে থাকার কারণে শিশুদের তাৎক্ষণিক অভিভাবকত্বের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস জানান, বড় দুই শিশুর জন্য সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিন মাস বয়সী শিশুটির জন্যও সাময়িক নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা চলছে।







