গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ মামির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিমুল নামে এক স্থানীয় বিএনপি নেতাকে আটক করে গণধোলাই দিয়েছে ক্ষুব্ধ জনতা। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আটক শিমুল পলাশবাড়ী উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।
ভুক্তভোগী পরিবারের তথ্যমতে, ঘটনার রাতে দোকান বন্ধ করে হঠাৎ বাড়ি ফিরলে আপন ভাগ্নে শিমুলকে নিজের স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান ভুক্তভোগী ইসরাফিল আলী কিনু। মামার উপস্থিতি টের পেয়ে শিমুল পাশের একটি ঘরের খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে কিনু মিয়া ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে স্বজন ও স্থানীয়দের খবর দেন।
স্থানীয়রা এসে ঘরের দরজা খোলার পর অভিযুক্ত শিমুল উল্টো চড়াও হলে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী শিমুলকে গণধোলাই দেয়। এ সময় সংঘর্ষে শিমুল ও তাঁর মামা কিনু মিয়া—উভয়েই কমবেশি রক্তাক্ত আহত হন, পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত বিএনপি নেতা শিমুলের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। ঢোলভাঙ্গা এলাকায় এ নিয়ে তীব্র অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, বিষয়টিতে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।







