সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়নি সিলেট মহানগর বিএনপি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাগরিক কমিটি গঠন না করা এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগে অনুষ্ঠানটি বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
রাষ্ট্রপতির এক দিনের সিলেট সফরকে কেন্দ্র করে সোমবার থেকেই সংবর্ধনা আয়োজনের প্রক্রিয়া নিয়ে বিএনপির একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। মঙ্গলবার সিলেটে পৌঁছানোর পর মহানগর বিএনপির নেতা-কর্মীরা নগরীর বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
পরে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশনের উদ্যোগে তাঁর সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
তবে অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায় সিলেট মহানগর বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়, মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন না।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘উক্ত অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতা-কর্মী অংশ নেবেন না।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করে সংবর্ধনার আয়োজন এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠানটি বয়কট করেছে।
তিনি আরও বলেন, শুধু মহানগর বিএনপি নয়, দলের অনেক নেতা-কর্মীও অনুষ্ঠানটি বয়কট করছেন। তবে সিটি করপোরেশনের সংবর্ধনা ছাড়া রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত অন্যান্য কর্মসূচিতে তারা উপস্থিত থাকবেন।
দলীয় নেতারা জানান, রাষ্ট্রপতির সিলেট সফরকে স্বাগত জানিয়ে বিএনপির নেতা-কর্মীরা নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলেও নাগরিক সংবর্ধনা আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তির কারণে মূল অনুষ্ঠানে অংশ নেননি।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটিই সিলেটে প্রথম সফর। এক দিনের সফরে মাজার জিয়ারতের পাশাপাশি সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় তাঁর অংশ নেওয়ার কথা ছিল।







