লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু স্থানীয় এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু।
স্থানীয় সূত্র জানায়, রামগঞ্জের নলছারা এলাকা থেকে একটি গরু চুরি হওয়ার পর মালিকপক্ষ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোলাকোট ইউনিয়নের ওই বিএনপি নেতার গোয়ালঘরে গরুটির সন্ধান মেলে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই পুরো উপজেলায় নানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
বিষয়টি সামাজিক ও রাজনৈতিকভাবে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একজন দায়িত্বশীল দলীয় নেতার প্রাঙ্গণে কীভাবে চুরির গরু পৌঁছাল, এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে কি না—তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকাশের দাবি উঠে এসেছে।
এ বিষয়ে ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম সম্পাদক জানান, বিষয়টি দলীয়ভাবে অবহিত হয়ে তথ্য যাচাই করা হচ্ছে; অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিক নীতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে ঘটনার বিস্তারিত জানতে এবং তাঁর গোয়ালঘরে গরু পাওয়ার ব্যাখ্যা পেতে বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। ঘটনাটির সত্যতা উন্মোচন ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা।







