চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয়জন কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার ফৌজদারহাট লিংক রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বেশ কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় এসে জড়ো হন এবং মিছিলের প্রস্তুতি নিতে থাকেন। সংবাদ পেয়ে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং তাঁদের ছত্রভঙ্গ করে দিয়ে ঘটনাস্থল থেকেই ছয়জনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— রাউজানের নোয়াপাড়ার জামশেদ (৩০) ও শাকিব (২৪), কচুখাইনের সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুরের আরমান (২৪) এবং চিকনদণ্ডীর আদনান হাবিব (২১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।






