গাজীপুর সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৫টি টিনের ঘরসহ ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন টিনশেড বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পোশাক কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা ঘরে ফিরে রাতের রান্নাবান্না করার সময় একটি ঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্র শিখা এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে এবং পুরো বসতবাড়ি গ্রাস করে নেয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টায় রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১১টা ২০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন দাবি করেছেন, ভয়াবহ এই আগুনে বসতবাড়ির ৪৫টি ঘরের সবকিছু ধ্বংস হয়ে গেছে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তেও সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত বলে নিশ্চিত করা হয়েছে।
এদিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডে পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি ভুক্তভোগী পোশাক শ্রমিক ও ভাড়াটিয়ারা। ঘরের সব মালামাল ও জমা সঞ্চয় হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।







