জুলাই বিপ্লব-উত্তর বাংলাদেশে তরুণদের কর্মসংস্থানের যে নতুন অধিকার তৈরি হওয়ার কথা ছিল, বর্তমান সরকার তা ছিনিয়ে নেওয়ার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সমাপনী জনসভায় রংপুরের জিলা স্কুল মাঠে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি বলেন, নতুন কোনো কর্মসংস্থান বা চাকরির সুযোগ সৃষ্টি করতে না পেরে বর্তমান সরকার উল্টো বিভিন্ন চাকরির মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে সাধারণ ও মেধাবী চাকরিপ্রার্থীদের অন্যায়ভাবে বাদ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতীতের মতো আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।
ইশতেহার ও আন্দোলনের অংশ হিসেবে এদিন সকালে রাজধানীর মানিক মিঞা অ্যাভিনিউ থেকে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ৮ দফা দাবিতে রংপুর অভিমুখে এক বিশাল লংমার্চ শুরু হয়। লংমার্চের বহরটি গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার পলাশবাড়ীতে একাধিক পথসভা সম্পন্ন করে বিকেলে রংপুরে পৌঁছে জনসভায় রূপ নেয়।
লংমার্চ থেকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বহাল রাখা, রংপুর ও উত্তরবঙ্গের বাঁচা-মরার দাবি ‘তিস্তা ব্যারেজ প্রকল্প’ দ্রুত বাস্তবায়ন এবং সারাদেশে চাঁদাবাজি-দখলদারি বন্ধের জোরালো দাবি জানানো হয়।
সংগঠনের শীর্ষ নেতারা স্মরণ করিয়ে দেন, এই ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের আপামর জনসাধারণ প্রস্তুত রয়েছে। সরকারের পক্ষ থেকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এই কর্মসূচি আরও কঠোর রূপ নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।







