রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স ১৯ বছর বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে পুলিশ মরিয়মের লাশ দেখতে পায়। পরে ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়।
তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান সন্ধ্যা পৌনে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের একটি কক্ষের জানালা দিয়ে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পুলিশ জানিয়েছে, মরিয়মের মৃত্যুর সঠিক সময় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পরবর্তী তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
এদিকে, মরিয়মের মৃত্যুর দিনই গাজী নজরুল ইসলাম পল্লবী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিননামা ঢাকার বিচারিক আদালতে জমা দেন। তিনি সশরীরে আদালতে উপস্থিত হয়ে ওই জামিননামা দাখিল করেন। মামলাটি তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের করা।
সম্প্রতি ব্যক্তিগত জীবনের একটি ঘটনা নিয়ে আলোচনায় আসেন গাজী নজরুল ইসলাম। তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত জুলাইয়ে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায় জামায়াতে ইসলামী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভিডিওতে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।
এর মধ্যেই মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা সামনে এলো। তবে এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত, ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।







