দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুদ্দোহা সরকার আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শেরেবাংলা নগর থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার দুপুর ২টা ২২ মিনিটের দিকে পুলিশের একটি গাড়িতে করে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটটি গাজী নজরুল ইসলামের। সেখানে তিনি তাঁর দুই স্ত্রীকে নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে।
মরিয়মের মৃত্যুর ঘটনায় রোববার গভীর রাতে তাঁর বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার পর সোমবার সকালে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি ওবায়দুর রহমান পলাতক রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা জানান, গাজী নজরুল ও মাকছুদাকে আদালতে পাঠানো হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এদিকে মরিয়মের মরদেহের ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।







