ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার সাত আরোহী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এত মানুষের প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। এ ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের মধ্যে শিশুও রয়েছে, যা এই দুর্ঘটনার শোকাবহ দিককে আরও গভীর করেছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন যথাযথভাবে কার্যকর এবং সার্বিক সড়ক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার জন্য মহান আল্লাহর কাছে তাঁদের ধৈর্য ও শক্তি কামনা করেন।
এ ছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।







