রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিক আহত হয়েছেন। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
হামলায় আহত সাংবাদিকরা হলেন আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজের আরিফ উজ্জামান কোরবান এবং সমকালের মাঈনুল ইসলাম রাজু। জুবায়ের আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।
একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতির মধ্যেও ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে হামলাকারীদের ছবি থাকার পরও তাদের গ্রেপ্তার বা আইনের আওতায় না আনা আরও উদ্বেগজনক।
তিনি বলেন, মুক্ত সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধী যে-ই হোক, তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় ভবিষ্যতে ক্যাম্পাসে সন্ত্রাসীদের তৎপরতায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়া এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।







