চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ. এফ. রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও শাখা ছাত্রদলের দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক তামিম চৌধুরীর বিরুদ্ধে হলের ক্যান্টিনে খাবার খেয়ে বিল পরিশোধ না করার গুরুতর অভিযোগ উঠেছে। ক্যান্টিন কর্তৃপক্ষের দাবি, তিনি নিয়মিত খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যান এবং টাকা চাইলে উল্টো ক্যান্টিন বন্ধ করে দেওয়ার হুমকি দেন।
ক্যান্টিন সংশ্লিষ্ট সূত্র জানায়, তামিম চৌধুরী হল সংসদের জিএস নির্বাচিত হওয়ার পর থেকেই ক্যান্টিনে খাবার খাওয়ার পর নিয়মিত বিল পরিশোধ করা বন্ধ করে দেন। অন্য শিক্ষার্থীদের বাকি থাকার বিষয় থাকলেও জিএস তামিম চৌধুরী কোনো কথা না বলে বা টাকা না দিয়েই স্থান ত্যাগ করেন।
ক্যান্টিন কর্তৃপক্ষের এক সদস্য অভিযোগ করে বলেন, খাবারের বকেয়া টাকা চাইলে জিএস উল্টো শাসিয়ে বলেন, “কোনো অপরাধ পেলে দোকান একেবারে বন্ধ করে দেব।” রাজনৈতিক পদবি ও হল সংসদের প্রভাব দেখিয়ে তিনি নিয়মিত এমন আচরণ করে আসছেন বলে দাবি ক্যান্টিন পরিচালকদের।
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ছাত্রদল নেতা ও হল সংসদের জিএস তামিম চৌধুরী। তাঁর দাবি, তিনি টাকা দিতে চাইলেও ক্যান্টিন মালিক নিজ থেকেই তা নিতে চান না। তিনি জানান, হল সংসদের জিএস হিসেবে সম্মান দেখিয়ে হয়তো ক্যান্টিন কর্তৃপক্ষ তাঁর থেকে বিল নিচ্ছেন না এবং তিনি খুব বেশি ক্যান্টিনে যানও না।
বিষয়টি নিয়ে এ. এফ. রহমান হল সংসদের ভিপি শাহরিয়ার আহমেদ সোহাগ জানান, অভিযোগের বিষয়টি তিনি নতুন শুনেছেন। তথ্যটির সত্যতা পাওয়া গেলে চাবি সংসদ (চাকসু) বা হল সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই জিএসকে আনুষ্ঠানিকভাবে শোকজ করা হতে পারে।
অন্যদিকে এ. এফ. রহমান হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী জানিয়েছেন, উক্ত ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে হল প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







