ভারতে শেখ হাসিনাকে আশ্রয় ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ায় দেশটির পক্ষে বাংলাদেশের জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত (সিনিয়র সচিব পদমর্যাদা) মুশফিকুল ফজল আনসারী। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্যানেল আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক লেখক আসাঙ্গা আবেয়াগোনাসেকারার বই ‘উইন্ডস অব চেঞ্জ: জিওপলিটিক্স অ্যাট দ্য ক্রসরোডস অব সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়া’ সম্পর্কিত এই আলোচনা সভাটি সম্প্রতি আয়োজিত হয়। সেখানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতা, যুক্তরাষ্ট্র-চীন ও চীন-ভারত ভূরাজনীতি এবং গণতন্ত্র ও মানবাধিকার ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আনসারী বলেন, বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক ও নতুন কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে ভারতকে এ দেশের সাধারণ মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা সঠিকভাবে বুঝতে হবে। বাংলাদেশে সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্ব সম্প্রসারণে নতুন স্পষ্ট পদক্ষেপ নেওয়ার জোর তাগিদ দেন তিনি।
একইসঙ্গে বাংলাদেশের প্রতি চীনের সহযোগিতামূলক ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত আনসারী উল্লেখ করেন, নিজ দেশের উন্নয়ন ও কৌশলগত স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ যেকোনো দেশের সঙ্গে মুক্তভাবে বাণিজ্য ও সম্পর্ক এগিয়ে নিতে স্বাধীন ভূমিকা রাখবে।







