নারীর সঙ্গে কথা বলার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলীয় কেন্দ্রীয় মহাসচিবের নির্দেশনায় ভোলা জেলা দক্ষিণের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, রাজনীতি করার পাশাপাশি মাওলানা আব্বাস উদ্দিন স্থানীয় একটি কওমি মাদরাসার পরিচালকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তাঁর আপত্তিকর ভিডিও কলে কথা বলার একটি দৃশ্য ছড়িয়ে পড়লে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাটি নজরে এলে গত ১১ অক্টোবর তাঁর দায়িত্ব স্থগিত করে ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়। তবে বহিষ্কৃত মাওলানা আব্বাস উদ্দিন দাবি করেছেন, ভিডিও কলে থাকা নারীটি তাঁর স্ত্রী এবং ঘটনাটি কয়েক মাস আগের। সম্প্রতি মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। তা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন।







