মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তাঁর পক্ষে এ আপিল দায়ের করা হয়।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তবে আদালত স্পষ্ট করেন, তিনটি সাজা একই সঙ্গে কার্যকর হবে। ফলে তাঁকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।
যে অভিযোগে দণ্ডিত ইনু
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটির বিষয় এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরার একটি এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
এদিকে, শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলাতেও হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে।







