মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে কেবল পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ না রেখে অবিলম্বে তাকে ফৌজদারি অপরাধে গ্রেফতার করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একইসঙ্গে দেশে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে চরম ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের জোর দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির শীর্ষনেতা এসব কথা বলেন।
ইশরাক হোসেন ও মিষ্টির পদত্যাগ ইস্যুতে সরকারের দ্বিমুখী ভূমিকার কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “ইশরাক হোসেন প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে স্পষ্ট ফৌজদারি অপরাধ করেছেন। তাকে পদত্যাগ করালেই অপরাধ মুছে যায় না, আইন প্রয়োগকারী সংস্থাকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। এর আগে সাবেক এমপি মিষ্টি পদত্যাগ করলেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এর থেকে প্রমাণিত হয় যে, এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা ও মৌখিক নির্দেশনায় আজ দেশ চলছে—যা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা বা আইনের শাসনের উদাহরণ হতে পারে না।”
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও যার ওপর আইনশৃঙ্খলার মূল দায়িত্ব, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। তিনি আইনশৃঙ্খলা সামলানোর মূল কাজ ফেলে সংবিধান নিয়ে বিতর্কিত মন্তব্য করতে ব্যস্ত। স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন, পুরো দেশবাসী এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে তিনি কবে পদত্যাগ করবেন।”
সরকারের গঠন করা সংবিধান সংশোধন কমিটিকে তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, “সংবিধান সংশোধন কমিটির নামে বিএনপি সরকার এ দেশের মানুষের সঙ্গে চরম নাটক ও প্রহসন করছে। জনগণ ইতোমধ্যে এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। নিজেদের অনুগত দলীয় ‘সুশীল বুদ্ধিজীবীদের’ নিয়ে বৈঠক করিয়ে বিএনপি তাদের নিজস্ব সুবিধাজনক সংস্কারের পক্ষে বক্তব্য দেওয়াচ্ছে, যা গণআকাঙ্ক্ষার সঙ্গে স্পষ্ট প্রতারণা।”
দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।







