মিসর ইসরাইলে হামলা চালালে দেশটিকে সিনাই উপদ্বীপ হারাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। প্রতিবেশী দেশগুলোর ঘোষিত অবস্থানের চেয়ে তাদের সামরিক সক্ষমতার ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির দেওয়া আশ্বাস নিয়ে সংশয় প্রকাশ করেন স্মোত্রিচ। সিসি জানিয়েছিলেন, প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ড দখলের আকাঙ্ক্ষা মিসরের নেই এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধেও জড়াতে চায় না তার দেশ। তবে সিসির এই বক্তব্যে আস্থা রাখতে পারছেন না বলে জানান ইসরাইলি মন্ত্রী।
স্মোত্রিচ বলেন, মিসরকে এমনভাবে পরিস্থিতি বুঝতে হবে, যাতে তারা উপলব্ধি করে—ইসরাইলে আবার হামলা চালালে সিনাই উপদ্বীপ বলে কিছু অবশিষ্ট থাকবে না। তার মতে, এ ধরনের উপলব্ধি তৈরি হলেই ইসরাইল নিজেদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারবে।
এর আগেও সিনাই উপদ্বীপ নিয়ে একই ধরনের মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন স্মোত্রিচ। এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মিসর ইসরাইলে হামলা চালালে দেশটিকে সিনাই হারাতে হবে।
ইসরাইলি মন্ত্রীর এই হুমকি প্রত্যাখ্যান করেছে মিসর। কায়রো একে ‘ফাঁকা হুমকি’ হিসেবে আখ্যায়িত করে নিজেদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতার কথা পুনর্ব্যক্ত করেছে।
গত সপ্তাহে ১৯৭৩ সালের অক্টোবর যুদ্ধে বিজয়ের ৫৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সশস্ত্র বাহিনীর ৪৪তম সাংস্কৃতিক সেমিনারে স্মোত্রিচের বক্তব্যের জবাব দেন প্রেসিডেন্ট সিসি।
তিনি বলেন, মিসর নিজেদের ভূখণ্ড রক্ষায় যুদ্ধ করেছে এবং হারানো সব ভূখণ্ড পুনরুদ্ধার করেছে। বর্তমানে জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের স্বার্থ সুরক্ষিত রাখাই দেশটির প্রধান অগ্রাধিকার।
সূত্র: মিডল ইস্ট মনিটর







