নির্বাচন ও ভোট প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা বাড়াবাড়ি করা হলে পুরো নির্বাচন কমিশন (ইসি) দিন-রাত ঘেরাও করে বসে থাকার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দেশে আর কাউকে ভোট চুরির সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ছিনিমিনি সহ্য করা হবে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, এ দেশ ও দেশের মানুষ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়নি। এ দেশের জনগণই নির্ধারণ করবে কারা দেশ ও সমাজ পরিচালনা করবে।
রুকনদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা এখন জামায়াতের প্রতি দিন দিন বাড়ছে। তাই প্রতিটি এলাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে হবে। আসন্ন নির্বাচনে ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকার তাগিদ দেন তিনি। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে সব আসনেই যোগ্য প্রার্থী দিয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করার নির্দেশ দেন ডা. শফিকুর রহমান।







