রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদী আফসার উদ্দিনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মামলা প্রত্যাহার বা সমঝোতা না করলে আজ শনিবারের মধ্যে তাঁকে মেরে ফেলার হুমকি দেয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে কুরিয়ার সার্ভিসটির ব্যবস্থাপক আফসার উদ্দিনের ফোনে এই হুমকি আসে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বাদীর সাথে হুমকিদাতার কথোপকথনের অডিও তিনি পেয়েছেন এবং তা যাচাই করে তদন্ত করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির একাধিক সূত্রে জানা গেছে, হামলার মূল অভিযুক্ত সাইফুল ও জুয়েল এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের নাম ভাঙিয়ে তাঁরা এ হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’ দাবি করে কুরিয়ার সার্ভিসের গুদামটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে।







