ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ না হলে সরকারকে চূড়ান্তভাবে ‘লাল কার্ড’ দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
তিনি বলেছেন, কার্ড বিতরণের নামে ভেলকিবাজি করে জনগণের অধিকার হরণের চেষ্টা করা হলে তা মেনে নেবে না মানুষ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণরায়ের মর্যাদা রক্ষায় চলমান আন্দোলন আরও জোরদার করতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ভোটাধিকার ও গণরায়ের মর্যাদা রক্ষার আহ্বান
মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার আদায়, শতকরা ৭০ ভাগ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনগণের দেওয়া রায়ের সম্মান ও মর্যাদা রক্ষার লক্ষ্যেই ১১ দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে।
তিনি বলেন, আন্দোলনের প্রতি জনগণ যেভাবে সংহতি জানিয়েছে, আগামী দিনেও একইভাবে পাশে থাকতে হবে। দাবি আদায়ে আন্দোলনকে আরও গতিশীল করতে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
ঢাকার রাজপথে সমবেত হওয়ার প্রস্তুতি রাখুন
আন্দোলনের পরবর্তী কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, আগামী দিনে এক দফা দাবি আদায়ে ঢাকার রাজপথে সমবেত হওয়ার ডাক দেওয়া হলে সবাইকে সেখানে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।
সরকারের বিভিন্ন কার্ড কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণ সরকারকে চূড়ান্তভাবে লাল কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে।
পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে সময়মতো
মামুনুল হক আরও বলেন, আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে হবে। যথাসময়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।







