কুরআনের মাহফিলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা বাধা দেয়, তারা মুসলমান হলেও তাদের জন্ম ঠিক নেই বলে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট বক্তা মাওলানা আমির হামজা। গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আসরের নামাজের পর মঞ্চে উঠে প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন আমির হামজা। তাঁর বক্তব্যে নবীজির আমলেও ইসলামের প্রচারে নানা বাধা আসার প্রসঙ্গ টেনে তিনি মাহফিলে বাধাদানকারীদের উদ্দেশ্যে বিভিন্ন আক্রমণাত্মক ও বিতর্কিত শব্দ ব্যবহার করেন।
এ সময় নিজের সাম্প্রতিক একটি অডিও ফাঁসের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, ছয় বছর আগের কোনো এক ঘটনার অডিও এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নামে প্রচার করা হচ্ছে।
আমির হামজা প্রশ্ন তোলেন যে তিনি ২০১২ সাল থেকে মাহফিলে কথা বলে আসছেন, অথচ ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার পরই কেন এসব পুরোনো বিষয় সামনে আনা হলো—এর নেপথ্যে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখা দরকার।
নারীদের অধিকার ও সম্মান প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইসলামে আল্লাহ ও রাসুলের পর তিনি নারীদের সর্বোচ্চ সম্মান দেন। তবে একই সঙ্গে রাস্তায় ছেলেদের সঙ্গে মিছিল করা নারীদের একটি অংশের সমালোচনা করে তিনি নানা কটূক্তি করেন।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এ ছাড়া স্থানীয় জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান ও মুহাদ্দিস শাফিউর রহমান আফসারীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।
এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে আশঙ্কায় গত বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসন ওই মাঠে মাহফিল করার ওপর নিষেধাজ্ঞা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। একই দিন মাহফিলস্থলের আশপাশে ‘সচেতন কালীগঞ্জবাসী’র ব্যানারে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হলে গোটা শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় একটি জরুরি সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, ওসি জুলফিকার আলি, এমপি আবু তালিব এবং স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে ওই বৈঠকে রাজনৈতিক বা বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছিল। তবে সবশেষ সমঝোতা ও শর্তের তোয়াক্কা না করে শুক্রবারের মাহফিলে আমির হামজার দেওয়া এই আক্রমণাত্মক বক্তব্য নতুন করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।







