মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে উল্টো স্থানীয় এক বিএনপি নেতার দায়ের করা চাঁদাবাজির মামলায় চার সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত সাংবাদিকরা হলেন—এনটিভির ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক ‘সখীপুর বার্তা’ পত্রিকার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সাংবাদিক সুজনের সহকারী সানিম মিয়া। এই ঘটনায় মামলার বাদী নিজেই রাজনৈতিক নেতা হওয়ায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
সাংবাদিক ও তাদের পরিবারে সদস্যদের দেওয়া বিবরণ অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় ওই চার সংবাদকর্মী দেওবাড়ি বাজারে একটি ধর্ষণের ঘটনা মাত্র দুই লাখ ৮০ হাজার টাকায় সালিশের মাধ্যমে মীমাংসা করার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। ওই সালিশে ভুক্তভোগী নারী দুই লাখ টাকা এবং স্থানীয় মাতবররা ৮০ হাজার টাকা পান বলে তাঁরা জানতে পারেন।
সংবাদ সংগ্রহের সময় স্থানীয় এক মাতবর সাংবাদিকদের জানান যে পাশের একটি বাড়িতে মাদক সেবন করা হচ্ছে। এর সত্যতা যাচাই করতে গিয়ে সাংবাদিকরা চার ব্যক্তিকে গাঁজা সেবন করতে দেখেন এবং গোপনে তার ভিডিও ধারণ করেন। এ সময় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করলে তিনি ঘটনাস্থলে এসে সাংবাদিকদের জোরপূর্বক বাজারে ধরে নিয়ে যান।
অভিযোগে বলা হয়, যুবদল নেতা জাহিদ তাৎক্ষণিকভাবে সেখানে দুই থেকে তিনশ লোক জড়ো করে একটি ‘মব’ বা ভিড় সৃষ্টি করেন এবং সাংবাদিকদের অবরুদ্ধ করে হেনস্তার চেষ্টা চালান। পরবর্তীতে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে উদ্ধারের পর সাংবাদিকদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে থানায় দফায় দফায় গোপন বৈঠক অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে শনিবার সকালে দাঁড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে ওই চার সাংবাদিকের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। আশ্চর্যের বিষয় হলো, ঘটনাস্থলে মূল আলোচ্য বিষয় মাদক সেবন হলেও সেই মাদকসেবীদের নাম বা বিষয়টি মামলার এজাহারে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়।
মামলার পর পুলিশ সাংবাদিকদের হাতকড়া পরিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। আদালতে নেওয়ার প্রাক্কালে এনটিভির প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন সাংবাদিকদের জানান, মাদকসেবীরা তাঁদের মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিল। কিন্তু তাঁরা তাতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে মব তৈরি করে তাঁদের ফাঁসানো হয়েছে। এমনকি তাঁদের এক সহকারীর পকেটে জোর করে আট হাজার ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। অথচ মূল মাদকসেবীরা এখনো ধরাছোঁয়ার বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
এ বিষয়ে মামলার বাদী বিএনপি নেতা ফজলুর রহমান ফজলুর কাছে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন যে তিনি গ্রামবাসীর অনুরোধে কেবল বাদী হয়েছেন। তবে মামলায় মাদক সেবনের বিষয়টি বাদ দেওয়া হলো কেন—এমন সুনির্দিষ্ট প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
সখীপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, দায়েরকৃত মামলায় সুনির্দিষ্টভাবে চাঁদাদাবি ও চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যার কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, তিনি নিজে বাদী না হয়ে অন্য একজন নেতা কেন বাদী হলেন—এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান গণমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে প্রকৃত মাদকসেবী ও ব্যবসায়ীদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।







