গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় নজিরবিহীন হামলা, ভাঙচুর এবং ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এই বর্বরোচিত হামলায় ব্যাংকের ভেতরে থাকা নগদ টাকা এবং বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
গত রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাটগাতী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই শাখায় এই তাণ্ডব চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় ব্যাংকের ভল্ট ও ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা লুটপাট করা হয়েছে এবং আলামত নষ্ট করতে বাকি টাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে ঠিক কী পরিমাণ নগদ টাকা লুট ও পুড়ে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও আন্দোলনকে কেন্দ্র করে দিনভর পুরো গোপালগঞ্জজুড়ে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালান।
এরই ধারাবাহিকতায় সন্ধ্যার পর পাটগাতী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় চড়াও হন সংঘবদ্ধ কর্মীরা। প্রথমে ব্যাংকটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং পরবর্তীতে সুপরিকল্পিতভাবে টাকাপয়সা লুটপাট করে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আগুনের তীব্রতায় ব্যাংকের ভেতরের আসবাবপত্র, নগদ অর্থের অবশিষ্টাংশ এবং গ্রাহকদের ঋণ ও সঞ্চয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সন্ধ্যার পর পাটগাতী বাজারের গ্রামীণ ব্যাংক শাখায় অতর্কিত ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ব্যাংকের অর্থ লুটপাটের ঘটনাও ঘটে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে।







