গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকারের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রেরও ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসব ঘটনা উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, গোপালগঞ্জ কি আদৌ বাংলাদেশ রাষ্ট্রের একটি অংশ?
রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে মিয়া গোলাম পরওয়ার লেখেন, গোপালগঞ্জে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার মতো ঘটনা ঘটছে। এসব দৃশ্য দেখে প্রশ্ন জাগে, এটি কি বাংলাদেশ নামক রাষ্ট্রেরই একটি অংশ?
তিনি আরও বলেন, রাষ্ট্রের সব অঙ্গ, প্রশাসনিক স্থাপনা ও অবকাঠামোর অভিভাবক হিসেবে সেগুলোর তত্ত্বাবধান, নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের। অথচ এসব ঘটনায় রাষ্ট্রের চরম ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবকত্ব আদৌ আছে কি না, তা নিয়েও মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও সরকার ও রাষ্ট্র উভয়ই ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে এবং গণআকাঙ্ক্ষা ও গণরায়কে উপেক্ষা করে, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়। সরকারের সঙ্গে জনগণের সমর্থন না থাকার বিষয়টিও রাষ্ট্রের চরম ব্যর্থতার মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের মানুষ যখন নিজের চোখে সহিংসতা ও অস্থিতিশীলতার দৃশ্য দেখছে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি তাদের কাছে হাস্যকর মনে হতে পারে। এটি বাস্তবতাকে অস্বীকার করার শামিল।







