রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে ফের ফোনে হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু এমপি।
সোমবার দুপুর ২টার দিকে থানায় অবস্থান করার সময় একটি বাংলাদেশি নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত।
এর আগে রোববারও ফোনে হত্যার হুমকি পান মাহমুদা মিতু। ওই সময় তিনি জাতীয় সংসদে অবস্থান করছিলেন। একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে তাকে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।
এ ছাড়া গত শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে মাহমুদা মিতু জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও একাধিকবার এ ধরনের হুমকি পাওয়ার কথা ওই পোস্টে উল্লেখ করেন তিনি।







