পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) স্বাধীনতা হল শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে মো. সালমান খান নয়নকে মনোনীত করার পর ক্যাম্পাসে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত এই নেতার বিরুদ্ধে অতীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার গুরুতর অভিযোগ উঠেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি ও স্ক্রিনশট ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে।
গতকাল রোববার (১৫ নভেম্বর) পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলামের স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা হল শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে নয়নের নাম ঘোষণা করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, নয়ন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিভিন্ন দলীয় কর্মসূচি ও মিছিলে সামনের সারিতে অংশ নিয়েছেন। এমনকি ২০২৪ সালের জুলাই মাসে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করে ছাত্রলীগের আয়োজিত একটি মিছিলেও তাঁকে সক্রিয়ভাবে উপস্থিত থাকতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নয়ন পূর্বে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহর একনিষ্ঠ অনুসারী ছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভোল পাল্টে তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিতি লাভ করেছেন।
পাবিপ্রবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাইমুর নাহিদ ইমনের একটি মেসেঞ্জার গ্রুপ থেকে ফাঁস হওয়া স্ক্রিনশটেও নয়নের গভীর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ওই স্ক্রিনশটে নয়নকে গ্রুপের সদস্যদের উদ্দেশে লিখতে দেখা যায়, ‘সবাই গেটে আসি, ভাই আসতে বলেছেন।’ এসব তথ্য ও প্রমাণ তাঁর অতীত রাজনৈতিক পরিচয় এবং ছাত্রলীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
শুধু রাজনৈতিক বিতর্কই নয়, এর আগেও নেতিবাচক কর্মকাণ্ডের জেরে আলোচনায় এসেছিলেন সালমান খান নয়ন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ২৭ অক্টোবর গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা হলে মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছিল। সেই ঘটনায় নয়নের সহযোগীরা ধরা পড়লেও তিনি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন বলে অভিযোগ রয়েছে।
ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার বিষয়ে জানতে চাইলে পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন নয়নের পক্ষ নিয়ে বলেন, দলের প্রতি নয়ন যথেষ্ট নিবেদিত এবং ৫ আগস্টের পর থেকে তাঁদের সঙ্গেই চলাফেরা করছেন। দলের বিভিন্ন কর্মসূচিতে ও বিরোধীদের অপপ্রচার রুখতে তাঁর ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি।
নয়নের ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিষয়ে মুজাহিদ হোসেন আরও দাবি করেন, বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের যেসব অপকর্ম ছিল, সেগুলোর সঙ্গে নয়নের জড়িত থাকার কোনো তথ্য বা প্রমাণ তাঁদের কাছে নেই। পাশাপাশি মাদক সংশ্লিষ্টতার বিষয়েও সুনির্দিষ্ট কোনো প্রমাণ না পাওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান ছাত্রদল সভাপতি।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সালমান খান নয়ন দাবি করেন, বিগত সময়ে হল ও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রচণ্ড রাজনৈতিক চাপ ছিল। সেই বাধ্যবাধকতা থেকেই সাধারণ শিক্ষার্থীদের মতো তাঁকেও তখন ছাত্রলীগের বিভিন্ন ব্যানারে দেখা গিয়েছিল, যা কোনোভাবেই তাঁর আদর্শিক অবস্থান ছিল না।
নয়ন আরও জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা শুরু হওয়ার পরপরই তিনি সেই বলয় থেকে পুরোপুরি বেরিয়ে আসেন। ৫ আগস্টের পর মুক্ত পরিবেশে তিনি নিজের আদর্শিক জায়গা থেকেই ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং অতীতের বাধ্যবাধকতার ছবি দিয়ে বর্তমান অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।







