২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনে বিতর্কিত ভূমিকা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এবং দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তদন্তের পর বাংলাদেশ সেনাবাহিনী থেকে দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম।
গত ১৫ নভেম্বর প্রকাশিত ‘ডেইলি ওয়াদ্দা’-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১২ নভেম্বর সেনাসদরের মিলিটারি সেক্রেটারি (এমএস) শাখা থেকে পৃথক দুটি বরখাস্তের আদেশ জারি করা হয়। আর্মি অ্যাক্টের ১৬ নম্বর ধারাসহ সংশ্লিষ্ট সামরিক বিধিমালার আওতায় জারি করা এই আদেশ দুটি আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে কার্যকর হবে। আদেশের শিরোনামে ‘রিটায়ারমেন্ট অর্ডার’ বা অবসর আদেশ লেখা থাকলেও মূল অংশে স্পষ্টভাবে ‘ডিসমিসড ফ্রম সার্ভিস’ বা চাকরি থেকে বরখাস্তের কথা উল্লেখ রয়েছে।
জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া হোসেন ২০২৪ সালের জুলাই মাসে ১৪ ইন্ডিপেনডেন্ট ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় রাজধানী ঢাকায় সেনা মোতায়েন ও বিভিন্ন এলাকায় পরিচালিত নিরাপত্তা অভিযানে তাঁর সক্রিয় সম্পৃক্ততা ছিল। সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষে অবস্থান নেওয়ার গুরুতর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এর আগে ২০২৫ সালের ৫ এপ্রিল আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে তাঁকে ঢাকা সেনানিবাসে গৃহবন্দি করে রাখা হয়েছিল।
অন্যদিকে, তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের নামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের সন্ধান পাওয়ার পর এ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব সম্পদের মালিকানা এবং আয়ের বৈধ উৎস সম্পর্কে প্রয়োজনীয় নথিপত্র ও ব্যাখ্যা চাওয়া হলেও এই দম্পতি কোনো সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন।
এদিকে, এই বরখাস্তের আদেশের দিনই বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল ও পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় সাতজন মেজর জেনারেলকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে এবং তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। পাশাপাশি চারটি পদাতিক ডিভিশনের নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) শীর্ষ পদগুলোতেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আর্মি অ্যাক্টের ১৬ নম্বর ধারায় এর আগেও বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করার নজির থাকলেও সর্বশেষ এই আদেশের মাধ্যমে একই পরিবারের দুই কর্মরত সেনা কর্মকর্তা একসঙ্গে সামরিক চাকরি হারালেন।







