প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠানের সচিব পদ টানা ৯ মাস ধরে শূন্য রয়েছে। দীর্ঘদিন পদটি শূন্য থাকায় সরকারের সঙ্গে মাঠ প্রশাসনের সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। পাশাপাশি সরকারি উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতির আশঙ্কা করছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সরকারি অর্গানোগ্রাম ও জনবল কাঠামো অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন সচিবের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পদে কর্মকর্তা না থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন, আন্তমন্ত্রণালয় যোগাযোগ এবং প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ে ঘাটতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কেউ কেউ সরকারের এত গুরুত্বপূর্ণ একটি পদ দীর্ঘ সময় শূন্য থাকাকে অস্বাভাবিক বলেও অভিহিত করেছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, উপযুক্ত একজন কর্মকর্তাকে শিগগিরই এ পদে নিয়োগ দেওয়া হবে। তবে টানা ৯ মাস ধরে কেন পদটি শূন্য রাখা হয়েছে, সে বিষয়ে সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আমার দেশকে জানান, শেখ হাসিনা সরকারের পতনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি শেখ হাসিনার একান্ত সচিব-১ পদ থেকে পদোন্নতি পেয়ে ২০২২ সালের ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান সাইফুল্লাহ পান্না। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি দিয়ে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে ভূমি আপিল বোর্ডের সদস্য ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ওই সময় তার একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাইফুল্লাহ পান্না। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রয়োজনীয় মেধা, দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের আমলে তাকে নিয়মিত পদোন্নতি ও উপযুক্ত পদায়ন থেকে বঞ্চিত রাখা হয়েছিল।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। এর ছয় দিন পর, ২৩ ফেব্রুয়ারি সাইফুল্লাহ পান্নাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এরপর থেকেই পদটি শূন্য রয়েছে।
৯ মাসের শূন্যতা নিয়ে প্রশাসনে আলোচনা
সরকারের বিভিন্ন পর্যায়ের আলোচনায় সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় হয়ে ওঠার বিষয়টি উঠে এসেছে।
একজন প্রতিমন্ত্রী আমার দেশকে জানান, সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তা এবং তাদের অনুসারীদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগে একজন পুলিশ সুপার এবং দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। জনপ্রশাসনেও এ ধরনের কর্মকর্তা রয়েছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে সরকার কাজ করছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব না থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও উন্নয়ন কর্মসূচি যথাসময়ে মাঠ প্রশাসনে পৌঁছানো এবং বাস্তবায়ন ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে প্রশাসনিক ফাইল নিষ্পত্তি এবং দাপ্তরিক কাজে গতি ফেরানোর উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে।
একজন সচিব বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে মাঠ প্রশাসন সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে। আর মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব। ফলে এ পদ শূন্য থাকলে প্রশাসনিক সমন্বয়ে ঘাটতি তৈরি হওয়া স্বাভাবিক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ
জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া আমার দেশকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের অন্যতম প্রধান দায়িত্ব হলো নীতিনির্ধারণী ও দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সাচিবিক সহায়তা দেওয়া। এ জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ এবং পরামর্শ দেওয়াও তার দায়িত্বের অন্তর্ভুক্ত।
এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় করা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের নীতি-সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারকির দায়িত্বও পালন করেন তিনি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনও এ পদের গুরুত্বপূর্ণ কাজ।
ফিরোজ মিয়ার মতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব না থাকায় জনপ্রশাসনের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। বিদেশি সরকারপ্রধান ও উচ্চপর্যায়ের অতিথিদের সফর, রাষ্ট্রীয় প্রটোকল এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা সমন্বয়ের দায়িত্বও সচিবের ওপর থাকে।
একই সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এনজিও বিষয়ক ব্যুরো এবং রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের কার্যক্রম তদারকি করে প্রধানমন্ত্রীকে অবহিত করার দায়িত্বও তার রয়েছে।
বিশেষজ্ঞের মতে, এসব দায়িত্বের কিছু অংশ হয়তো বর্তমানে মুখ্যসচিব পালন করছেন। তবে তাতে পুরোপুরি ঘাটতি পূরণ হচ্ছে না। কারণ, প্রধানমন্ত্রীর পক্ষে সব নথি ও ফাইল নিজে পর্যালোচনা করা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ নথি ও ফাইল প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আগে সচিব আইন ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী সেগুলো যাচাই-বাছাই করেন। ফলে এ পদে কর্মকর্তা না থাকায় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও ফাইল নিষ্পত্তির ক্ষেত্রে ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সচিব নিয়োগের বিষয়ে সরকারের অবস্থান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদ টানা ৯ মাস শূন্য থাকার কারণ জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী আমার দেশকে বলেন, বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। উপযুক্ত সময়ে এ পদে যোগ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
তবে কবে নাগাদ নিয়োগ সম্পন্ন হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি। ফলে গুরুত্বপূর্ণ এ প্রশাসনিক পদে নিয়োগ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।







