দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক দীপক কুমার সরকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া ও পরবর্তী সময়ে মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৩ জুলাই রাত ১টা ৫১ মিনিটে ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দীপক কুমার সরকার ওই শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে পরদিন সকাল সাড়ে ১০টায় একজন বান্ধবীসহ দেখা করতে বলেন। পরদিন শিক্ষার্থী বান্ধবীকে নিয়ে শিক্ষকের কক্ষে গেলে ব্যক্তিগত কথা বলার অজুহাতে বান্ধবীকে কক্ষের বাইরে অপেক্ষা করতে বলেন তিনি।
অভিযোগ অনুযায়ী, কক্ষের ভেতরে দীপক কুমার শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন তিনি পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। শিক্ষার্থী বাবার কথা বললে বাবার দিব্যি দিয়ে পরবর্তী কথাগুলো কাউকে না বলার শর্ত দেন ওই শিক্ষক। এরপর তিনি শিক্ষার্থীকে বলেন, তাঁর জীবনের প্রথম প্রেমিকা দেখতে ঠিক ওই শিক্ষার্থীর মতো ছিলেন এবং শিক্ষার্থীকে দেখলে তাঁর বুকের ভেতর ‘আপস অ্যান্ড ডাউন’ হয়।
এরপর অভিযুক্ত শিক্ষক শিক্ষার্থীকে বিকেলে দিনাজপুরের বিরলে চা খেতে যাওয়া ও ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন। একপর্যায়ে হ্যান্ডশেক করার ছলে হাত ধরে তিনি শিক্ষার্থীর শারীরিক গঠন নিয়েও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগে জানানো হয়েছে।
এই ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিষয়টি নিজের পরিবারকে জানান। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকেও বিষয়টি অবহিত করা হলে তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ২০২৬ সালের ১৭ জানুয়ারি মৌখিক পরীক্ষার (ভাইভা) সময় ক্লাস প্রতিনিধির (সিআর) মাধ্যমে ওই শিক্ষার্থীকে পুনরায় নিজের কক্ষে ডেকে পাঠান অধ্যাপক দীপক। সেখানে পরিবার ও স্ত্রীকে বিষয়টি জানিয়ে দেওয়ার কারণে শিক্ষার্থীকে হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী দাবি করেছেন, এই ঘটনার পর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে বাধ্য হন এবং দীর্ঘদিন নিয়মিত ক্লাসে অংশ নিতে পারেননি। পরবর্তী সময়ে নানা ধরনের হয়রানির কারণে তাঁর পরীক্ষার ফলাফলও খারাপ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অধ্যাপক দীপক কুমার সরকার। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, লিখিত অভিযোগের বিষয়টি তাঁর জানা নেই এবং তিনি এমন কোনো ঘটনার সঙ্গে জড়িত নন।







