জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা, অগ্নিসংযোগ, হত্যার হুমকি ও হেনস্তার ঘটনা ঘটছে। সাম্প্রতিক দুই সপ্তাহে দেশ-বিদেশে এমন অন্তত আটটি ঘটনার তথ্য সামনে এসেছে, যার বেশিরভাগের শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক কিংবা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সর্বশেষ ১৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন এবং বাড়িতে তাঁর অসুস্থ মা-বাবাসহ পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।
মাহিন সরকারের পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, পেট্রলবোমা নয়, পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছিল। জুলাই আন্দোলনের সংকটময় সময়ে যে তিনজন সমন্বয়ক কর্মসূচি ঘোষণা করে আন্দোলন এগিয়ে নিয়েছিলেন, মাহিন সরকার তাঁদের একজন।
একই দিন ভোরে গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয় এবং দুপুরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। মুসাদ্দিকের অভিযোগ, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
মুসাদ্দিক জানান, এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বাড়িতে হামলার প্রচার চলছিল, যার পরিপ্রেক্ষিতে তিনি বাবাকে গ্রামে যেতে নিষেধ করেছিলেন। আগুনের সময় বাড়িতে তাঁর মা-বাবা না থাকলেও ফুফুসহ কয়েকজন আত্মীয় ছিলেন, যাঁরা হামলার আশঙ্কায় এক-দুই মিনিট আগে নিরাপদ স্থানে সরে যান।
এর আগের দিন ১৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরানো হলে রাফির ঘুমন্ত মা-বাবা প্রতিবেশীদের তৎপরতায় প্রাণে বাঁচেন। এই ঘটনার জন্যও তিনি আওয়ামী লীগের লোকজনকে দায়ী করেছেন।
এর আগে ১১ নভেম্বর মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি তরুণ নেতাদের ওপর শারীরিক হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনাও ঘটেছে। গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা চালানো হয়।
সংসদ সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা আলম মিতু ১৩ নভেম্বর অভিযোগ করেন, সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ১৫ নভেম্বর জাতীয় সংসদে থাকা অবস্থাতেও তাঁকে ফোনে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয় বলে তিনি জানান।
এ ছাড়া এনসিপির সাবেক জ্যেষ্ঠ নেত্রী সামান্তা শারমিন অভিযোগ করেন, ১৫ নভেম্বর ছাত্রলীগ পরিচয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে হুমকি ও গালিগালাজ করেন। সামান্তা দল থেকে পদত্যাগ করলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন।
বিদেশে সফরে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের এক দফা দাবির ঘোষক, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাত দিনের যুক্তরাজ্য সফরে গিয়ে ১৪ নভেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মতবিনিময় অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের হেনস্তার চেষ্টার মুখে পড়েন।
এর দুই দিন পর ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ডে নাহিদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আহত পাঁচজনকে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
একের পর এক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় তরুণ নেতাদের নিরাপত্তা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে।







