নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের যেসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে নড়াইল জেলা পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ নিশ্চিত করেছে যে, সেখানে হিন্দু সম্প্রদায়ের কারও ওপর হামলা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে আক্রমণের ঘটনা ঘটেনি।
পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগে ধারণ করা ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি চিত্র ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এসব গুজব ছড়ানো হচ্ছে বলে জানায় প্রশাসন।
ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত বোমা হামলা চালায়। ওই হামলায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হন।
ওই জোড়া হত্যাকাণ্ডের জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের আত্মীয়স্বজন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী বেন্দারচর গ্রামে একত্রিত হন। এ সময় বিক্ষুব্ধরা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেন। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িও রয়েছে।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।
এদিকে, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে অনলাইনে সাম্প্রদায়িক হামলার গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল। তাঁদের মতে, রাজনৈতিক পরিচয়ে অপরাধ করার পর নিজেদের রক্ষায় সংখ্যালঘু কার্ড ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে এবং টুইটারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে।
অন্যদিকে, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি আলোচনা চলছে। সমালোচকদের একাংশ প্রশ্ন তুলেছেন, গোপালগঞ্জে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যের বাড়ি, হাসপাতাল, দলীয় কার্যালয় ও থানায় অগ্নিসংযোগ এবং একাধিক নেতাকর্মী নিহতের ঘটনায় একটি মহল নীরব থাকলেও নড়াইলের ঘটনায় রাজনৈতিক হামলাকে সাম্প্রদায়িক রূপ দিয়ে সরব হয়ে উঠেছে।
পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুজব ও অপপ্রচার রোধে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আরও সক্রিয় ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।







