ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার প্রবণতা বেড়েছে এবং এর মাধ্যমে ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে কমিশন এ উদ্বেগ জানায়।
ইউএসসিআইআরএফ চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাঁদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে এবং এখন অবৈধভাবে দেশ থেকেও বের করে দিচ্ছে। সংশ্লিষ্ট প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে, যা ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সবচেয়ে বড় ঘটনা। বাদ পড়া এ সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান।
মুসলিমদের নাম বাদ পড়ার অভিযোগ
প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে বলা হয়েছে, এই সংশোধন প্রক্রিয়ায় ভারতের বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলিমদের নাম তুলনামূলকভাবে বেশি বাদ পড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা বর্জনমূলক নীতি ও ক্রমবর্ধমান বৈষম্যের মুখে পড়ছেন।
অন্যদিকে ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে একই ব্যক্তির একাধিক নাম, মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি এবং ভোট দেওয়ার অযোগ্যদের নাম বাদ দেওয়া হচ্ছে; ভুলবশত কারও নাম বাদ পড়লে আপিল করার সুযোগও রয়েছে। তবে সমালোচকদের মতে, ভোটার তালিকা সংশোধনের এ উদ্যোগ অবৈধ অভিবাসীদের শনাক্ত করে বিতাড়নের পৃথক অভিযানের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যদিও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কারও ‘বিদেশি’ হওয়া প্রমাণিত হয় না।
কমিশনের সদস্য জিন মিলস বলেন, নিজ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিমদের নিশানা করে দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলেছে। তিনি ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানান।
ভারতের সমালোচনা ও যুক্তরাষ্ট্রের অবস্থান
ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা, যা বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং অবাধ্যতামূলক নীতিগত সুপারিশ দেয়। ভারতের বিষয়ে সাম্প্রতিক সুপারিশগুলো নিয়ে ওয়াশিংটন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে বরাবরের মতোই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং একে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মন্তব্য করেছে। এ বিষয়ে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ভারতে বিক্ষোভ হয়েছে। বিরোধী দল ও শিক্ষার্থীদের অভিযোগ, এ প্রক্রিয়ায় এমন মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাঁদের বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। তবে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো মোদি সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বাড়ার অভিযোগে ঘৃণামূলক বক্তব্য, ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা উচ্ছেদ, কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইনের মতো বিষয়গুলো সামনে এনেছে। জাতিসংঘ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইনটিকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে মন্তব্য করেছে, আর সমালোচকদের মতে ধর্মান্তরবিরোধী আইন ধর্মবিশ্বাসের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে।
তবে ভারত সরকার বৈষম্যের অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, খাদ্য ভর্তুকি ও বিদ্যুতায়নসহ বিভিন্ন সরকারি কর্মসূচির সুফল সব সম্প্রদায়ের মানুষই পাচ্ছেন। অন্যদিকে নাগরিক অধিকারকর্মীরা যুক্তরাষ্ট্রের ভেতরেও মুসলিমদের প্রতি আচরণ ও ইসলামবিদ্বেষ বৃদ্ধির পাশাপাশি নির্বাচনী প্রচারে রিপাবলিকান নেতাদের মুসলিমবিরোধী বক্তব্য বাড়ার বিষয়টি তুলে ধরে সমালোচনা করেছেন।







