জয়পুরহাটের কালাইয়ে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় নাহিদ চৌধুরী (৪২) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি স্থানীয় কালাই পৌর আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় তাঁকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার নাহিদ চৌধুরী কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় পৌর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও নাশকতাসংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে নাহিদ চৌধুরীর সংশ্লিষ্টতা উঠে আসে। সেই তদন্তের সূত্র ধরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরক দ্রব্য ও নাশকতার মামলায় নাহিদ চৌধুরীকে গ্রেপ্তার করার পর রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।







