ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিএনপি ও জামায়াতের দুই সংসদ সদস্য।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাদিক কায়েমের বাড়ি পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ সময় তারা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, ঘটনার বিস্তারিত খোঁজ নেন এবং সমবেদনা জানান। পাশাপাশি অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানান দুই সংসদ সদস্য।
শাহজাহান চৌধুরী বলেন, দেশে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে অস্থিতিশীলতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।
আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষ হত্যা ও জানমালের ক্ষতি করে আবার দেশে ফিরে আসতে চায়। তবে তা কখনো সম্ভব হবে না। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন ইতোমধ্যে শনাক্ত করেছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
এ সময় দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।







