বাসায় বিপুল পরিমাণ নগদ টাকা মজুত রাখা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের ঘটনা থেকে সামনে এসেছে কাস্টমস ক্যাডারের দুই কর্মকর্তা ভাই-বোনের বিপুল সম্পদের তথ্য। তারা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার এনামুল হক এবং কাস্টমস কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি। অভিযোগ উঠেছে, সরকারি চাকরিতে যোগদানের পর তারা নিজেদের ও পরিবারের সদস্যদের নামে জমি, প্লট, ফ্ল্যাটসহ বিপুল সম্পদ গড়ে তুলেছেন। এসব সম্পদের অর্থের উৎস নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়লেও তদন্তের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
২০১৫ সালের দিকে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই সময় কাস্টমস কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি ও তাঁর স্বামী জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম রহমানের বাসায় কাজ করতেন এক কিশোরী গৃহকর্মী। তাঁর বর্ণনা অনুযায়ী, একদিন ঘর পরিষ্কারের সময় খাটের নিচে রাখা একটি কার্টন পড়ে যায়। কার্টনের ভেতর থেকে বেরিয়ে আসে টাকার বান্ডিল। বিপুল পরিমাণ নগদ টাকা দেখে আতঙ্কিত হয়ে পড়েন গৃহকর্মী। পরে তিনি গৃহকর্তাকে বিষয়টি জানান।
সাবেক ওই গৃহকর্মীর দাবি, বাসায় এত বিপুল পরিমাণ টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। এমনকি একপর্যায়ে স্বামীকে বশে আনতে পানি পড়া খাওয়ানোর চেষ্টা করেছিলেন স্ত্রী। ঘটনার পর ভয়ে ওই বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান তিনি।
গৃহকর্মীর এই বক্তব্যসহ বিভিন্ন তথ্যের সূত্র ধরে এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগ জমা পড়ে। অভিযোগে বলা হয়, চাকরিতে যোগদানের পর থেকে দুই ভাই-বোন এবং তাঁদের স্বজনদের নামে একের পর এক সম্পত্তি কেনা হয়েছে। বরগুনা থেকে শুরু করে ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় এসব সম্পত্তি রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
চাকরির পর সম্পদের বিস্তার
নথি অনুযায়ী, এনামুল হক ২৯তম বিসিএসের মাধ্যমে কাস্টমস ক্যাডারে যোগ দেন ২০১১ সালে। বর্তমানে তিনি এনবিআরের শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত। তাঁর বোন জিলাইকা তামান্না লিপি ৩১তম বিসিএসের মাধ্যমে ২০১৩ সালে চাকরিতে যোগ দেন। বর্তমানে তিনি আগারগাঁওয়ের এনবিআর ভবনের মূসক বিচার ও আপিল বিভাগে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১১-১২ সালের আগে পরিবারটির কৃষিজমি ছাড়া উল্লেখযোগ্য অন্য কোনো জমি ছিল না। কিন্তু ২০১৪ ও ২০১৫ সালের মধ্যে পরিবারের সদস্যদের নামে একাধিক জমি ও অন্যান্য সম্পত্তি কেনা হয়। পূর্বাচল, ঝিলমিল, বরগুনা, লালমাটিয়া, পশ্চিম আগারগাঁও এবং মিরপুরে এসব সম্পত্তির তথ্য পাওয়া গেছে।
২০১৫ সালে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে জিলাইকা তামান্না লিপি ও তাঁর ছোট বোন জিনাত জাহান তানজিলার নামে একটি প্লট কেনা হয়। দলিল নম্বর ৭৫৬৫/২০১৫। প্লটটি ১১ নম্বর সেক্টরের ৪০৯/এ/সি সড়কের ২ নম্বর প্লটে অবস্থিত। অভিযোগ অনুযায়ী, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা। তবে দলিলে মূল্য দেখানো হয়েছে মাত্র ২৫ লাখ টাকা। বর্তমানে প্লটটির বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।
পরবর্তী সময়ে ২০২২ সালে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের ৮ নম্বর প্লট কেনেন জিলাইকা তামান্না লিপি। দলিল নম্বর ১২৩০৯/২০২২। অভিযোগ অনুসারে, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু দলিলে মূল্য উল্লেখ করা হয়েছে ২১ লাখ টাকা।
ভাই এনামুলের নামেও একাধিক সম্পত্তি
সম্পদ কেনার ক্ষেত্রে পিছিয়ে নেই এনামুল হকও। বরগুনা শহরের প্রাণকেন্দ্রে তাঁর নামে ২৬ শতাংশ জমি কেনার তথ্য পাওয়া গেছে। ২০১৫ সালের ১১ আগস্ট বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসে নিবন্ধিত ৩৭৫৬/২০১৫ নম্বর দলিলে জমিটির মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। বর্তমানে জমিটির বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একই বছর পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে এনামুল হক ও তাঁর স্ত্রী নাহিদা পারভীনের নামে ৭ কাঠা ৮ ছটাক জমি কেনা হয়। দলিল নম্বর ১০৮২৮/২০১৫। অভিযোগ অনুযায়ী, জমিটির প্রকৃত ক্রয়মূল্য ছিল আড়াই কোটি টাকা। অথচ দলিলে মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা।
এ ছাড়া ২০১৪ সালে এনামুল হকের মা খাদিজা বেগমের নামে বরগুনা পৌর এলাকায় টিনশেড বাড়িসহ ১৪ দশমিক ৩১ শতাংশ জমি কেনা হয়। অভিযোগকারীদের দাবি, জমি কেনার অর্থের জোগান দিয়েছিলেন তাঁর দুই সন্তান এনামুল হক ও জিলাইকা তামান্না লিপি। বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসের ২৯১৭/২০১৪ ও ৩০৫৭/২০১৪ নম্বর দলিলে জমিটির মোট মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ ৭ হাজার টাকা। তবে অভিযোগ অনুযায়ী, প্রকৃতপক্ষে ওই সময় জমিটির জন্য ৩ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল। বর্তমানে সম্পত্তিটির বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
পরিবারের অন্যান্য সদস্যদের নামেও বিভিন্ন স্থানে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। এর মধ্যে বরগুনার বিভিন্ন সম্পত্তির পাশাপাশি ঢাকার লালমাটিয়ার এনএইচ টাওয়ার, পশ্চিম আগারগাঁও এবং মিরপুর ডিওএইচএস এলাকার সম্পত্তির কথাও উঠে এসেছে।
এদিকে ২০২০ সালে জিলাইকা তামান্না লিপির বড় ছেলের জন্মনিবন্ধন সনদে স্থায়ী ঠিকানা হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকার ৪/এ নম্বর ফ্ল্যাট, প্লট ১৫১, রোড ৮, ব্লক-ডি উল্লেখ করা হয়েছে। তবে ওই ফ্ল্যাটটির মালিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি।
সম্পদের উৎস আড়াল করতে মাছের খামারের আয়ের দাবি
এনামুল হক ও তাঁর বোনের সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগ জমা পড়ার পর তাঁদের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুস সোবহানের মাছের খামার থেকে বিপুল আয়ের বিষয়টি সামনে আনা হয়।
দুদকের কাছে এনামুল হক দাবি করেন, তাঁর বাবার প্রায় ১২ একর জমিতে মাছের খামার রয়েছে। সেখান থেকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ আয় হয়। এই দাবি যাচাই করতে ২০২৪ সালের ৬ মে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের কাছে চিঠি পাঠানো হয়।
চিঠিতে খামারের নিবন্ধন, জমির খতিয়ান ও দাগ নম্বর, মালিকানার কাগজপত্র, লিজের চুক্তি, মাছের উৎপাদন, ব্যয় এবং আয়ের হিসাবসহ প্রয়োজনীয় নথি যাচাই করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
কিন্তু অভিযোগ অনুযায়ী, প্রয়োজনীয় নথিপত্র যাচাই না করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান মৎস্য কর্মকর্তা। ওই প্রতিবেদনে আবদুস সোবহানকে মৎস্যচাষি হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে খামারের জমির পরিমাণ ১৪ একর বলা হলেও এনামুল হকের দাবি ছিল ১২ একর। ফলে জমির পরিমাণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আরও বিস্ময়কর বিষয় হলো, সরেজমিন অনুসন্ধানে ওই এলাকায় মাছের খামারের অস্তিত্ব পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয় কয়েকজনের বক্তব্য অনুযায়ী, সেখানে মাছের খামারের পরিবর্তে কিছু ফলের গাছ রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। অন্যদিকে, মৎস্য কর্মকর্তার প্রতিবেদন পাওয়ার পর দুদকের অভিযোগটি আর এগোয়নি বলে অভিযোগ উঠেছে।
স্বামীর অভিযোগ, সংসারে অশান্তির সূত্র সম্পদ ও অর্থ
জিলাইকা তামান্না লিপির স্বামী আসলাম রহমান নির্বাচন কমিশনে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। স্ত্রীর করা যৌতুকের মামলায় তিনি সাড়ে ১৪ মাস কারাগারে ছিলেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।
আসলাম রহমানের দাবি, স্ত্রীর করা মামলার কারণে তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি কখনো ঘুষ নেননি বলেও দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, স্ত্রী কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার পর থেকেই তাঁদের সংসারে অশান্তি শুরু হয়। বড় ভাই এনামুল হকের ইঙ্গিতে তাঁর বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আসলাম জানান, ২০১১ সালে নবাবগঞ্জে থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সময় জিলাইকা তামান্না লিপিকে বিয়ে করেন। সে সময় লিপি ইডেন কলেজে পড়াশোনা করতেন। তাঁর পড়াশোনার সুবিধার জন্য পুরান ঢাকার দিকে একটি বাসা নেওয়া হয়েছিল। সেখানে এনামুল হকও থাকতেন বলে দাবি করেন আসলাম। তাঁর ভাষ্য অনুযায়ী, সাপ্তাহিক ছুটিতে এনামুল ওই বাসায় আসতেন এবং তখন ঢাকায় তাঁর নিজস্ব থাকার জায়গাও ছিল না।
তিনি আরও বলেন, চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর পাওয়া খোরাকি ভাতা দিয়ে কোনোমতে জীবনযাপন করছেন। এমনকি দুই সন্তানের সঙ্গেও দেখা করতে পারছেন না।
অভিযোগ অস্বীকার এনামুলের, জবাব দেননি জিলাইকা
সম্পদের উৎস নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনবিআরের যুগ্ম কমিশনার এনামুল হক রোববার যুগান্তরকে বলেন, তাঁর নামে থাকা সব সম্পদের তথ্য আয়কর নথিতে উল্লেখ রয়েছে।
তবে বাবাকে মৎস্যচাষি হিসেবে দেখিয়ে সম্পদের আয়ের উৎস বৈধ প্রমাণের চেষ্টা করা হয়েছে কি না, এমন প্রশ্ন করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অন্যদিকে, জিলাইকা তামান্না লিপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পরে অভিযোগগুলোর সারসংক্ষেপ উল্লেখ করে তাঁকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
দুই কর্মকর্তার সম্পদের প্রকৃত উৎস, সম্পত্তি কেনার অর্থের জোগান এবং মাছের খামারের আয়ের দাবির সত্যতা নিয়ে এখনো বিভিন্ন প্রশ্ন রয়ে গেছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রকৃত তথ্য প্রকাশের দাবি উঠেছে।







