ঢাকার সাভার থেকে ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, দুপুরের দিকে সাভারের নবীনগরের একটি আবাসিক এলাকা থেকে হাবিবকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট সকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নির্বিচারে গুলি চালানো হয়। এ সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সাদের নানা আজিমুদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৮০–৯০ জনকে আসামি করা হয়।
গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব মামলার পর থেকে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।







