ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, নারীদের কর্মপরিবেশকে আরও মানবিক ও পরিবারবান্ধব করতে জামায়াত সরকার ক্ষমতায় গেলে বিশেষ পদক্ষেপ নেবে, যার মধ্যে কর্মঘণ্টা হ্রাস অন্যতম।
এই ঘোষণার প্রেক্ষিতে আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি। ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জামায়াতের আমির কর্মক্ষেত্রে নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব দিয়েছেন—আমরা প্রথমে দেখতে চাইব, তাদের নিজেদের কোনো প্রতিষ্ঠানে এটার বাস্তবায়ন। এটা কাজ করে কিনা, এবং বাস্তবায়নের সময় কী কী ইতিবাচক ও নেতিবাচক দিক দেখা দেয়, তা যাচাই করা দরকার।”
তিনি আরও লেখেন, “সামনে নির্বাচন। রাজনৈতিক দলের নেতারা নানা প্রস্তাব ও প্রতিশ্রুতি দেবেন। কিছু প্রস্তাব শুধু কথার কথা, আবার কিছু হতে পারে বাস্তবায়নযোগ্য। কোনটা সিরিয়াস, তা বোঝার উপায় হলো—প্রতিশ্রুতির বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা আছে কিনা, কিংবা কোথাও ছোট পরিসরে পাইলট প্রজেক্ট চালানো হয়েছে কিনা।”
ফেসবুক পোস্টে বিএনপির প্রসঙ্গ টেনে ড. গালিব লেখেন, “একটি টকশোতে বিএনপির একজন নেতা বলেছেন—তারেক রহমান দেশে ফিরলে বিএনপি পরিবর্তন হয়ে যাবে। খুবই সুন্দর আশাবাদ। কিন্তু পাইলট প্রজেক্ট হিসেবে আমরা দেখতে চাইব—তারেক রহমান যতদিন লন্ডনে আছেন, ততদিন লন্ডন বিএনপিতে কী পরিবর্তন এসেছে?”
তিনি শেষ করেন এই বলে, “রাজনৈতিক দলগুলো ভালো পরিকল্পনা ও ইতিবাচক কাজের ক্ষেত্রে একে অপরের সঙ্গে সুস্থ প্রতিযোগিতায় নামুক। আর নাগরিকরা যেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে—এইটাই আমাদের প্রত্যাশা।”







