ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী–চিলমারী–রাজীবপুর) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন আপন দুই ভাই—আজিজুর রহমান ও মোস্তাফিজুর রহমান মোস্তাক। বিরল এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান।
অন্যদিকে, জামায়াতে ইসলামী একই আসনে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাককে—যিনি আজিজুর রহমানের ছোট ভাই। ফলে আসন্ন নির্বাচনে দুই ভাইয়ের মুখোমুখি লড়াই এখন স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “আমার বড় ভাই বিএনপির সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন। যদি তিনি প্রার্থীও হন, তাতে আমাকে হারাতে পারবেন না। জামায়াতের জনপ্রিয়তা এখন অনেক বেড়েছে। দুই ভাই প্রার্থী হলেও নির্বাচনে এর প্রভাব পড়বে না।”
অন্যদিকে বিএনপি প্রার্থী আজিজুর রহমান বলেন, “আমার ছোট ভাই একসময় বিএনপি করত। আমার কারণেই সে প্রতিষ্ঠিত হয়েছে। পরে জামায়াতে যোগ দেয়। আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা না করলে আমার পারিবারিক পরিচিতি ও সামাজিক অবস্থান কাজে লাগিয়ে সে এককভাবে সুবিধা নিতে পারত। কিন্তু এখন সেই সুযোগ থাকবে না। জনগণ আমাকেই চাইছে।”







