জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামী ও সমমনা আট দলের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। তবে এর আগেই বিভিন্ন স্থান থেকে আসা মিছিল পল্টন মোড়ে পৌঁছালে এলাকাজুড়ে নেতাকর্মীদের ভিড়ে চারপাশের সড়ক পরিপূর্ণ হয়ে পড়ে।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন জামায়াত ও সমমনা দলের নেতাকর্মীরা। সমাবেশস্থলের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে পল্টন মোড় দিয়ে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা।
নেতারা জানান, জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় সরকার গঠনসহ পাঁচ দফা দাবি আদায়ে এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।







