রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে বহিষ্কৃত শহীদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে দলীয় নেতাকর্মীদের।
প্রসঙ্গত, গত সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভ চলাকালে সড়কে টায়ারে আগুন দেওয়ার সময় শরীরে আগুন ধরে দগ্ধ হন ছাত্রদল নেতা শহীদুল ইসলাম শহীদ।
সে সময় বিএনপি মনোনীত রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের প্রার্থী শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করছিলেন শহীদুল ও তার সমর্থকরা। তিনি ছিলেন মনোনয়ন না পাওয়া প্রার্থী নাসির হোসেন অস্থিরের ঘনিষ্ঠ।







