ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, তাকে আওয়ামী লীগ পরিচয়ে বিভিন্ন বিদেশি নাম্বার থেকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, গত তিন ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নাম্বার থেকে ফোন ও বার্তার মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, কলদাতারা জানিয়েছে—তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে, তার বাড়িতে আগুন দেওয়া হবে, তার মা–বোন–স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং তাকেও হত্যা করা হবে। তিনি অভিযোগ করেন, এসব হুমকি আওয়ামী লীগ পরিচয় ব্যবহার করেই দেওয়া হচ্ছে।

পোস্টে হাদি আরও উল্লেখ করেন, ১৭ তারিখে একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণাকে কেন্দ্র করে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি লিখেছেন, “১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে যদি আমার বাড়ি-ঘর জ্বালিয়ে দেয় বা আমাকে হত্যা করে—তবু ইনসাফের লড়াই থেকে এক চুলও নড়ব না।”
তিনি আরও বলেন, এক আবরারকে হত্যার পর দেশে হাজারো আবরারের জন্ম হয়েছে, তেমনি তাকে হত্যা করা হলে আরও বহু ‘হাদী’ তৈরি হবে। তিনি বলেন, ❝এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন।❞
নিজের পরিবার ও সহযোদ্ধাদের নিরাপত্তা আল্লাহর ওপর সোপর্দ করার কথা জানিয়ে তিনি পোস্টে শহীদের মর্যাদায় মৃত্যুর আকাঙ্ক্ষাও প্রকাশ করেন। এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কোনো সরকারি সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।







